ইরানের সঙ্গে আলোচনার লক্ষ্যে সুইজারল্যান্ডে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স – DesheBideshe

ইরানের সঙ্গে আলোচনার লক্ষ্যে সুইজারল্যান্ডে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স – DesheBideshe



ইরানের সঙ্গে আলোচনার লক্ষ্যে সুইজারল্যান্ডে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স – DesheBideshe

ওয়াশিংটন, ২১ জুন – ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনাকে বেগবান করতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার স্ত্রী সেকেন্ড লেডি উশা ভ্যান্স। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তথ্যানুযায়ী, স্থানীয় সময় রবিবার সকাল ৬টায় ভ্যান্সকে বহনকারী বিমানটি লুসার্নের নিকটবর্তী এমেন বিমান ঘাঁটিতে অবতরণ করে।

এই আলোচনার অংশ হিসেবে ইতোমধ্যেই সুইজারল্যান্ডে অবস্থান করছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনির সেখানে পৌঁছেছেন।

এছাড়া কাতার থেকে আসা মধ্যস্থতাকারীরাও এই প্রক্রিয়ায় যুক্ত থাকবেন বলে জানা গেছে। জেডি ভ্যান্স জানিয়েছেন, তিনি সেখানে মাত্র এক থেকে দুই দিন অবস্থানের পরিকল্পনা করছেন। তিনি বিস্তারিত আলোচনার মূল দায়িত্ব উইটকফ ও কুশনারের ওপর ন্যস্ত করেছেন।

দেশ ছাড়ার আগে ভ্যান্স জানান, রাজনৈতিক নেতৃত্বের একটি উচ্চপর্যায় উপস্থিত থাকার পর কারিগরি দলগুলো মাঠপর্যায়ে কাজ চালিয়ে যাবে।

ইরানের সঙ্গে এই আলোচনার ক্ষেত্রে মার্কিন ভাইস প্রেসিডেন্টের প্রধান অগ্রাধিকারগুলো হলো আলোচনার একটি স্থায়ী কাঠামো তৈরি করা, পারমাণবিক ইস্যুতে অগ্রগতি নিশ্চিত করা এবং লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করা।

ভ্যান্সের মতে, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার মুখে লেবাননের পরিস্থিতি বর্তমানে বেশ নাজুক এবং এই পরিস্থিতি সামাল দেওয়া অত্যন্ত জরুরি। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই প্রধান ইস্যুগুলোর পাশাপাশি ইরানও তাদের নিজস্ব উদ্বেগের বিষয়গুলো নিয়ে আলোচনায় আসবে।

এস এম/ ২১ জুন ২০২৬



Explore More Districts