জেলেনস্কি জানান, অভিযানের একটি ‘গুরুত্বপূর্ণ ধাপে’ রাতভর ইউক্রেনের তৈরি কয়েক ধরনের ড্রোন এবং ফ্ল্যামিঙ্গো ও নেপচুন ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, সড়ক অংশের সমান্তরালে থাকা রেলসেতুতেও একযোগে একাধিক ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। তবে ছবিতে রেলসেতুর খিলানটি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। পরে রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, কিছু ট্রেন চলাচল আবার শুরু হয়েছে।
ইউক্রেনের রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা এসবিইউ বলেছে, ‘পরিকল্পিতভাবে শত্রুর আকাশ প্রতিরক্ষাব্যবস্থা অকার্যকর’ করা হয়েছে। সংস্থাটির ভাষ্য, এর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে, ‘দখলদারদের নিয়ন্ত্রণে থাকা অবৈধ স্থাপনাগুলোর নিরাপত্তা রাশিয়ার কোনো প্রতিরক্ষাব্যবস্থাই নিশ্চিত করতে পারে না।’
এদিকে ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, সেতুর সড়ক অংশ ‘অচল’ হয়ে গেছে। কোনো যানবাহনই সেটি পার হতে পারছে না। রেল অংশটি এখনো দাঁড়িয়ে আছে, তবে এর খিলান ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্রেমলিন জানিয়েছে, রাতের হামলার বিষয়ে পুতিনকে অবহিত করা হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেনের হামলার পর সেতুটি ‘পুনর্নির্মাণ করা হবে এবং তা আগের চেয়েও ভালো হবে’। পুতিনের চীন সফরের সঙ্গে হামলার যোগসূত্র থাকার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।
রাশিয়ার তদন্ত কমিটি সেতুর কাঠামোগত ক্ষয়ক্ষতির কথা নিশ্চিত করেছে। কমিটি জানিয়েছে, ‘ইউক্রেনের সশস্ত্র গোষ্ঠীগুলোর’ হামলার ঘটনায় ‘সন্ত্রাসবাদের অভিযোগে ফৌজদারি মামলা’ করা হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, টানা দ্বিতীয় দিনের মতো যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় ইউক্রেনীয় ড্রোন হামলার মুখে পড়েছে দেশটি। মন্ত্রণালয় দাবি করেছে, ২ হাজার ২৫৬টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

