
ঢাকা, ৭ আগস্ট – নিরাপদ সড়কের দাবিতে তিন দশকেরও বেশি সময় ধরে সক্রিয় থাকা বরেণ্য চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, তার অনুপস্থিতিতেও যেন দেশের মানুষ এই দাবি আদায়ে সোচ্চার থাকে। শুক্রবার রাজধানীর জাতীয় নাট্যশালায় নিরাপদ সড়ক চাই বা নিসচা আয়োজিত এক মহাসমাবেশে অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান।
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, একত্রিশ বছর আগে ব্যক্তিগত জীবনের গভীর শোক ও বেদনাকে নিরাপদ সড়ক আন্দোলনের শক্তিতে রূপান্তর করেছিলেন। দীর্ঘ এই পথচলায় আন্দোলনটি এখন আর কোনো ব্যক্তি বা সংগঠনের মধ্যে সীমাবদ্ধ নেই বরং তা পুরো দেশের মানুষের আন্দোলনে পরিণত হয়েছে।
১৯৯৩ সালের ২২ অক্টোবর মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারানোর পর নিরাপদ সড়কের দাবিতে রাজপথে নামেন এই অভিনেতা। তার সেই আন্দোলনের ধারাবাহিকতায় পরবর্তীতে দিনটি জাতীয় সড়ক নিরাপত্তা দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পায়।
নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, আল্লাহ যাতে তাকে সুস্থ করে পুনরায় সবার সঙ্গে আন্দোলনে যোগ দেওয়ার শক্তি দান করেন। তিনি দেশের মানুষের নিরাপত্তা এবং শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
সরকার, প্রশাসন ও পরিবহন মালিক শ্রমিকসহ দেশের প্রতিটি সচেতন মানুষকে এই আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষ কেউ কারও প্রতিপক্ষ নয় এবং জীবনের সুরক্ষায় সবাই সহযোদ্ধা।
উপস্থিত সবার উদ্দেশে তিনি বলেন, তার লালিত স্বপ্ন তিনি সবার কাছে দিয়ে যাচ্ছেন। তিনি না থাকলেও নিরাপদ সড়ক বাস্তবায়নে যেন সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন সড়ক ও যোগাযোগ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এনএন/ ৭ আগস্ট ২০২৬





