পর্তুগালের রাজধানী লিসবনেও আবাসনসংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন জোরদার হয়েছে। শনিবার সেখানে বিক্ষোভকারীরা তাঁবু খাটিয়ে অবস্থান শুরু করেন। তিন সপ্তাহ আগে স্পেনের রাজধানী মাদ্রিদে একই ধরনের অবস্থান কর্মসূচি শুরু হয়েছিল।
পর্তুগালের বিভিন্ন স্থান থেকে আসা হাজারো মানুষ শনিবার একটি বিক্ষোভ মিছিলে অংশ নেন। পরে রাতে লিসবনের ব্যস্ত পর্যটন এলাকা রোসিও স্কয়ারে কয়েক শ মানুষ সমবেত হন।
বিক্ষোভকারীরা রাতভর সেখানে অবস্থানের ঘোষণা দেন। চত্বরের মাঝখানে থাকা রাজা চতুর্থ পেদ্রোর ভাস্কর্যের চারপাশে বসে কয়েক শ মানুষ গান গাইতে থাকেন।
বিক্ষোভে অংশ নেওয়া ৪৬ বছর বয়সী সমাজকর্মী এলেনা কস্তা বলেন, ‘পর্তুগালের যে সামাজিক শ্রেণি কর দেয়, যাদের অবদানে দেশটি সচল থাকে, তারাই আক্রমণের মুখে পড়েছে। তারা নিজেদের অধিকার হারাচ্ছে, বিশেষ করে আবাসনের অধিকার।’
এলেনা আরও বলেন, ‘এ কারণে আমরা সবাই এখানে একত্র হয়েছি। আমরা বোঝানোর চেষ্টা করছি, আমাদের দম বন্ধ হয়ে আসছে।’

