চট্টগ্রামে শিশু ক্যান্সার সচেতনতা সংলাপ ও পথশিশুদের মাঝে বস্ত্র বিতরণ – দৈনিক আজাদী

চট্টগ্রামে শিশু ক্যান্সার সচেতনতা সংলাপ ও পথশিশুদের মাঝে বস্ত্র বিতরণ – দৈনিক আজাদী

নবহাসি সমাজ কল্যাণ সংস্থা, চট্টগ্রাম (নাসো) ও ওয়ার্ল্ড চাইল্ড ক্যান্সার (World Child Cancer-WCC)-এর যৌথ উদ্যোগে শিশু ক্যান্সার সচেতনতা সংলাপ ও পথশিশুদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে নবহাসি সমাজ কল্যাণ সংস্থা, চট্টগ্রাম (নাসো)-এর সভাপতি ও প্রশাসনিক ট্রাইব্যুনাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের স্পেশাল পিপি অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন নবহাসির নির্বাহী পরিচালক অ্যাডভোকেট জিন্নাত আমিন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নবহাসির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট মীর মো. আজমগীর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ১ম অতিরিক্ত দায়রা জজ মোছা. ফরিদা ইয়াসমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মঈনুদ্দীন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ও শিশু ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মো. ইমরান হাবীব রাজু, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পরিকল্পনা কমিটির বোর্ড সদস্য রোটারিয়ান মো. জসিম উদ্দিন এবং অ্যাডভোকেট মো. আলাউদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে মোছা. ফরিদা ইয়াসমিন বলেন, শিশু ক্যান্সার থেকে মুক্তি পেতে হলে সমাজের সবাইকে সচেতন হতে হবে। খাদ্যে বিভিন্ন ধরনের ভেজালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি পথশিশুদের নিয়ে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করায় নবহাসি সমাজ কল্যাণ সংস্থা ও ওয়ার্ল্ড চাইল্ড ক্যান্সারকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে শিশু ক্যান্সার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বিশেষ অতিথি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ও শিশু ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মো. ইমরান হাবীব রাজু।

বিশেষ অতিথি চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি বলেন, ভেজাল খাদ্য তৈরি করে যারা শিশুদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে, তাদের বিরুদ্ধে জোরালো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মঈনুদ্দিন মরণব্যাধি ক্যান্সার নিয়ে এ ধরনের জনসচেতনতামূলক সংলাপ আয়োজন করায় নবহাসি সমাজ কল্যাণ সংস্থা ও ওয়ার্ল্ড চাইল্ড ক্যান্সার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি এ ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান দেশের বিভিন্ন স্থানে আরও ব্যাপকভাবে আয়োজনের আহ্বান জানান।

অনুষ্ঠানে শিশু ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত ও পথশিশুদের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরা হয়। পরে পথশিশুদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

সবশেষে অনুষ্ঠানের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন পারভেজ উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি ভবিষ্যতে আরও সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন এবং সমাজের পথশিশুদের নিয়ে আরও বৃহৎ পরিসরে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পরে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।

Explore More Districts