বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি বলেছেন, ‘আমরা ভেবেছিলাম আওয়ামী লীগ ভুল থেকে শিক্ষা নেবে। কিন্তু আমরা পরিষ্কার হয়ে গেছি, আওয়ামী লীগ একটি খুনি সংগঠন, সন্ত্রাসী গোষ্ঠী, এটি কোনো রাজনৈতিক দল নয়। তারা বাংলাদেশের মানুষের পক্ষে কখনো কাজ করেনি, অদূর ভবিষ্যতেও বাংলাদেশের পক্ষে কাজ করবে না।’
আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাবেক এই সমন্বয়ক। রাফি’র পৈতৃক বাড়ি নেত্রকোনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেওয়া অগ্নিসংযোগের চেষ্টার প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে রাফি আরও বলেন, ‘আওয়ামী লীগ এখন যে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, তাতে আমাদেরও আর কোনো রাস্তা নেই। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থান নেব। কোনো বিএনপি নেতা বা সরকারদলীয় কেউ যদি আওয়ামী লীগের পক্ষে সাফাই গায় বা তদবির করতে চায়, তাহলে তাদের বিরুদ্ধেও আমাদের অবস্থান থাকবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমেদের সমালোচনা করে রাফি বলেন, ‘সালাহউদ্দীন আহমেদের পুলিশ পুরোপুরি ব্যর্থ হয়েছে। বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও তারা কোনো ব্যবস্থা নিতে পারেনি। তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে।’
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে রাফি বলেন, ‘সালাহউদ্দীন সাহেব, আপনার বেতন হয় জনগণের টাকায়। আপনার যদি লজ্জা থাকে, হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঠিক করেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করেন, আর না হয় স্বসম্মানে পদত্যাগ করে চলে যান।’
সংবাদ সম্মেলনের জাতীয় ছাত্রশক্তির চট্টগ্রাম মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
