অমর্ত্য সেনের মানব উন্নয়নচিন্তা

অমর্ত্য সেনের মানব উন্নয়নচিন্তা

এ কথা বলার অপেক্ষা রাখে না যে আমাদের সমসাময়িক কালে বিশ্বের বিদ্যায়তনিক সমাজবিজ্ঞান পাঠ ও সমাজচিন্তার অন্যতম দিশারি অধ্যাপক অমর্ত্য সেন। অর্থনীতি, রাজনীতি-দর্শন, নীতিশাস্ত্র, ন্যায়বিচার, মানবাধিকার, মানবস্বাধীনতা ও মানবমর্যাদা ইত্যাদি বিষয়ের এমন কোনো দিক নেই, যেখানে তিনি আমাদের ঋদ্ধ করেননি। অধ্যাপক অমর্ত্য সেনকে নিয়ে আলোচনা মানে শুধু একজন নোবেলজয়ী অর্থনীতিবিদকে নিয়ে কথা বলা নয়; বরং এটি এমন আলোচনা, যা আমাদের তাঁর বহুমাত্রিক চিন্তার জগতে নিয়ে যায়, যেখানে মানব উন্নয়ন ধারণা সুগভীরভাবে প্রোথিত।

আমরা যখন উন্নয়ন নিয়ে কথা বলি, তখন অনেক সময় সংখ্যার ভাষায় কথা বলি, পরিমাণগত উপাত্তের নিরিখে বিশ্লেষণ করি। যেমন মাথাপিছু আয়, প্রবৃদ্ধির হার, বিনিয়োগের পরিমাণ, রপ্তানি ও জাতীয় আয়ের অনুপাত ইত্যাদি। কিন্তু এই সংখ্যাগুলোর সীমিত বলয় পেরিয়ে উন্নয়ন বিষয়ে কিছু বৃহত্তর প্রশ্ন আছে। যেমন উন্নয়ন মানে কী, উন্নয়নের প্রকৃতি কী, কিসের উন্নয়ন, কার জন্য উন্নয়ন, কার দ্বারা উন্নয়ন ইত্যাদি। অমর্ত্য সেনের উন্নয়ন দর্শনতত্ত্ব থেকে আমরা জানি যে উন্নয়ন শুধু আর্থিক বর্ধন নয়, উন্নয়ন মানে মানুষের চয়নের স্বাধীনতা, তার সক্ষমতার প্রসারণ, তার মানসিক দিগন্তের বিস্তৃতি। উন্নয়নকে আমরা যদি শুধু আয় বৃদ্ধি বা সম্পদ যোজনার মধ্যে সীমাবদ্ধ রাখি, তাহলে মানুষের জীবনের আসল অর্থ ও লক্ষ্য আমরা হারিয়ে ফেলব। উন্নয়ন মানে বস্তুগত সম্পদের সঞ্চয় নয়, উন্নয়ন মানে মানুষের জীবনমানের উন্নতি সাধন। মানুষের আয় বাড়তে পারে, কিন্তু মানুষ যদি সুস্বাস্থ্যের অধিকারী না হয়, শিক্ষিত না হয়, মানবিক মর্যাদার সঙ্গে বাঁচতে না পারে, তাহলে সে উন্নয়ন অসম্পূর্ণ। অর্থাৎ উন্নয়ন মানুষকেন্দ্রিক—পণ্যকেন্দ্রিক বা ধনকেন্দ্রিক নয়।

Explore More Districts