বাজারের ব্যবসায়ী জসিম উদ্দিনও ঘটনার বিষয়ে প্রথম আলোকে একই ধরনের তথ্য দেন। তাঁর ভাষ্য, বৃষ্টির মধ্যে ওই নারী হাতে লাকড়ির টুকরা নিয়ে আবুল খায়েরের দোকানে গিয়ে বিভিন্ন জিনিসে আঘাত করতে থাকেন। তাঁকে নিষেধ করেও থামানো যায়নি। একপর্যায়ে আবুল খায়ের দোকান থেকে বেরিয়ে ওই নারীকে কয়েকবার লাকড়ি দিয়ে আঘাত করেন। পরে নারীটি সেখান থেকে চলে যান।
বাজারসংলগ্ন এলাকার বাসিন্দা আবুল হোসেন বলেন, ওই নারী মানসিকভাবে অসুস্থ হলেও তাঁকে এভাবে মারধর করা ঠিক হয়নি। স্থানীয়রাও এ বিষয়ে আবুল খায়েরকে বকাঝকা করেছেন। পরে তিনি নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন। তবে ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করে একটি রাজনৈতিক দলের নাম জুড়ে দেওয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ৩১ সেকেন্ডের ভিডিওটির সঙ্গে মিল থাকা একই বিষয়ের ৩৯ সেকেন্ডের একটি ভিডিওও পাওয়া গেছে। ৭ আগস্ট থেকে প্রচারিত ওই ভিডিওতে দেখা যায়, আবুল খায়ের দোকান থেকে বেরিয়ে টেবিলের ওপর থাকা একটি লাকড়ির টুকরা হাতে নেন এবং উত্তেজিত অবস্থায় বেঞ্চের ওপর দাঁড়িয়ে ওই নারীকে মারধর করেন। ভিডিওটির এই অংশটি ভাইরাল হওয়া সংক্ষিপ্ত ভিডিওতে দেখা যায়নি।
লিংক: এখানে
পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটির বিষয়ে আবুল খায়েরকে নিজের আচরণের জন্য ক্ষমা চাইতেও দেখা যায়।
লিংক: এখানে
