
বুখারেস্ট, ৫ মে – ইউরোপীয় রাজনীতির রঙ্গমঞ্চে বড় ধরনের পটপরিবর্তন ঘটল। পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে পতন হয়েছে রোমানিয়ার প্রধানমন্ত্রী ইলি বোলোজানের নেতৃত্বাধীন ইউরোপীয় ইউনিয়নপন্থী (ইইউ) জোট সরকারের। মঙ্গলবার (৫ মে) নাটকীয় এক ভোটাভুটির পর ভেঙে পড়েছে মাত্র ১০ মাস আগে গঠিত হওয়া এই প্রশাসন। এই রাজনৈতিক অস্থিরতার ফলে দেশটিতে বড় ধরনের আর্থিক মন্দা ও বাজেট ঘাটতির আশঙ্কা তৈরি হয়েছে।
পার্লামেন্টে দীর্ঘ বিতর্কের পর অনুষ্ঠিত ভোটাভুটিতে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন ২৮১ জন আইনপ্রণেতা। বিপরীতে প্রস্তাবের বিপক্ষে ভোট পড়েছে মাত্র ৪টি। প্রধানমন্ত্রী বোলোজানের দল ন্যাশনাল লিবারেল পার্টি (পিএনএল) এবং তার জোট সঙ্গীরা ভোটদান থেকে বিরত থাকলেও বিরোধীদের বিশাল সংখ্যাগরিষ্ঠতা ঠেকাতে পারেনি।
অনাস্থার নেপথ্যে ছিলেন বামপন্থী সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি (পিএসডি) এবং কট্টর ডানপন্থী অ্যালায়েন্স ফর দ্য ইউনিটি অব রোমানিয়ান্স (এইউআর)।
সরকারের পতনের খবরের আগেই রোমানিয়ার মুদ্রা ‘লেউ’-এর মান ইউরোর বিপরীতে রেকর্ড পরিমাণে পড়ে গেছে। ইইউ-র সবচেয়ে বড় বাজেট ঘাটতি কমানোর যে প্রতিশ্রুতি রোমানিয়া দিয়েছিল, সরকারের পতনে তা এখন অনিশ্চয়তার মুখে। বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হয়েছে চরম সংশয়, যা দেশটির আন্তর্জাতিক ক্রেডিট রেটিংয়ে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
পদ হারানোর আগে প্রধানমন্ত্রী বোলোজান এই অনাস্থা প্রস্তাবকে ‘নিন্দনীয় ও কৃত্রিম’ বলে আখ্যা দেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি বিশাল চাপের মুখে দেশের স্বার্থে যা জরুরি ছিল তাই করেছি। আজ যারা সরকারকে টেনে নামালেন, আগামীকাল রোমানিয়া কীভাবে চলবে তার কোনো পরিকল্পনা কি আপনাদের আছে?”
সরকার পতনের পর এখন সব নজর মধ্যপন্থী প্রেসিডেন্ট নিকুসোর দানে**র দিকে। তিনি রাজনৈতিক দলগুলোকে আলোচনার জন্য আমন্ত্রণ জানাবেন। ধারণা করা হচ্ছে বোলোজানের দল থেকে অন্য কোনো নেতাকে প্রধানমন্ত্রী মনোনীত করা হতে পারে। অথবা কোনো টেকনোক্র্যাট (বিশেষজ্ঞ) ব্যক্তির অধীনে ইইউ-পন্থী জোট পুনর্গঠনের চেষ্টা করা হবে।
সোশ্যাল ডেমোক্র্যাটরা (পিএসডি) ইঙ্গিত দিয়েছে যে, প্রধানমন্ত্রী পরিবর্তন করা হলে তারা আবারও জোটে ফিরতে রাজি। তবে বোলোজানের দল পিএনএল এখনো তাদের সাথে পুনরায় কাজ করার বিষয়ে অনড় অবস্থানে রয়েছে।
এনএন/ ৫ মে ২০২৬




