চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বিভিন্ন গবেষণা প্রকল্পের গবেষণা সহকারীরা পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বরাদ্দ আসার পরও উপাচার্যের অনুমোদন ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন না হওয়ায় বেতন পরিশোধ করা যাচ্ছে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।
তাঁদের ভাষ্য, উপাচার্য ভবনে শিক্ষার্থীদের দেওয়া তালার কারণে কম্পট্রোলারের(হিসাব রক্ষক) কার্যালয়সহ প্রশাসনিক কার্যক্রম বন্ধ। এদিকে নতুন জাতীয় বেতনস্কেল অনুযায়ী শিক্ষক-কর্মকর্তাদের বেতন দেওয়ার কার্যক্রমও এখনো শেষ হয়নি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিভিন্ন গবেষণা প্রকল্পের গবেষণা সহকারীদের বেতন দেওয়া হয় ইউজিসির বরাদ্দ থেকে। শুরুতে বরাদ্দ না থাকায় তাঁদের বেতন বন্ধ ছিল। সম্প্রতি ইউজিসি থেকে বরাদ্দ পাওয়া গেলেও উপাচার্যের অনুমোদন ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন না হওয়ায় বেতন পরিশোধ করা সম্ভব হচ্ছে না।
যন্ত্রকৌশল বিভাগের একটি প্রকল্পের গবেষণা সহকারী তানজিলুর রহমান বলেন, ‘পাঁচ মাস ধরে আমাদের বেতন বন্ধ। শুরুতে শুনেছি, ইউজিসি থেকে বরাদ্দ আসেনি। এখন বরাদ্দ এসেছে বলে শুনেছি। তবে উপাচার্যসংক্রান্ত জটিলতার কারণে বেতন দেওয়া হচ্ছে না। কর্মজীবনে প্রবেশ করে তো আর বাসা থেকে টাকা এনে চলতে পারি না। বরং এখন আমাদেরই পরিবারের দেখভাল করতে হচ্ছে। এ অবস্থায় ধারদেনা করে চলতে হচ্ছে। দীর্ঘদিন বেতন না পাওয়ায় আমরা চরম বিপাকে আছি। প্রশাসনের কাছে অনুরোধ, দ্রুত বিষয়টি সমাধান করা হোক।’
বেতন পরিশোধের প্রক্রিয়া সম্পর্কে চুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক সজল চন্দ্র বণিক বলেন, ‘বেতন দেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে আমরা কম্পট্রোলারের কার্যালয়ে পাঠাই। সেখান থেকে উপাচার্যের অনুমোদন নিয়ে বেতন পরিশোধ করা হয়। আগে তহবিলে অর্থ ছিল না। ইউজিসি কিছুদিন আগে বরাদ্দ দিয়েছে। আমরাও কাগজপত্র তৈরি করে রেখেছি। কিন্তু কম্পট্রোলার কার্যালয়ের কার্যক্রম চলছে না। উপাচার্যের অনুমোদনও পাওয়া যাচ্ছে না। ফলে কাগজপত্র পাঠানো যাচ্ছে না। আটকে আছে গবেষণা সহকারীদের বেতনও।’
এ ছাড়া তিনি আরও বলেন,নতুন অর্থবছরের জুলাই মাস থেকে আমাদের তহবিল শূন্য ছিল। ফলে এতদিন তহবিলে কোনো অর্থ অবশিষ্ট ছিল না। তবে নতুন অর্থবছরের বরাদ্দকৃত অর্থ আন্দোলন চলাকালীন সময়ে এসেছে। কিন্তু সে সময় কম্পট্রোলার অফিস বন্ধ থাকায় এবং অর্থ ব্যবহারের জন্য উপাচার্যের অনুমোদন প্রয়োজন হওয়ায় তা ব্যবহারের আর সুযোগ হয়নি।
এদিকে নতুন জাতীয় বেতনস্কেল অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের বেতন দেওয়ার কার্যক্রমও এখনো সম্পন্ন হয়নি। চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতি সৈয়দ মোহাম্মদ ইকরাম বলেন, ‘অন্য অনেক বিশ্ববিদ্যালয়ে নতুন পে-স্কেলে বেতন দেওয়া হচ্ছে। আমরা এখনো পাইনি। আমরা চাই, উপাচার্যসংক্রান্ত সংকট দ্রুত সমাধান হোক। তাহলে একাডেমিক, প্রশাসনিক ও পে-স্কেল—সব সমস্যারই সমাধান হয়ে যাবে। নতুন পে-স্কেল অনুযায়ী বেতনও তখন পাওয়া যাবে।’
নতুন বেতনস্কেল কার্যকরের ক্ষেত্রে উপাচার্যের অনুমোদন প্রয়োজন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পট্রোলার(হিসাব রক্ষক) মো. শফিকুল আলম। তিনি বলেন, ‘নতুন পে-স্কেলের কার্যক্রম সম্পন্ন করতে উপাচার্যের অনুমোদন লাগে। আমাদের কার্যালয়ও উপাচার্য ভবনে। এদিকে ক্যাম্পাসজুড়ে উপাচার্য পুনর্বহালের আন্দোলন চলছে। এই দাবিতে উপাচার্য ভবনে শিক্ষার্থীরা তালা দিয়েছেন। অর্থাৎ আমাদের অফিসই এখন বন্ধ। তাই এসব কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হচ্ছে না।’
তবে গবেষণা সহকারীদের বেতন বন্ধ থাকা কিংবা নতুন বেতনস্কেল কার্যকরের বিষয়ে আনুষ্ঠানিকভাবে তাঁকে কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন চুয়েটের উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। তিনি বলেন, ‘বেতনের ব্যাপারে কম্পট্রোলার সেকশনকে গত সেপ্টেম্বরের শেষ সপ্তাহেই আনুষ্ঠানিক ই-মেইলের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছিল। যেহেতু তাঁরা নিয়মিত বেতন-ভাতা পাচ্ছেন এবং এ বিষয়ে এখন পর্যন্ত কেউ পে-স্কেলসংক্রান্ত কোনো আনুষ্ঠানিক মতামত বা আপত্তি জানাননি, সেহেতু প্রশাসনিকভাবে বিষয়টি স্বাভাবিক গতিতেই রয়েছে বলে প্রতীয়মান হয়।’
গবেষণা সহকারীদের বেতন বন্ধ থাকার বিষয়ে তিনি বলেন, ‘গবেষণা সহকারীরা বেতন পাচ্ছেন না—এমন কোনো আনুষ্ঠানিক তথ্য আমাকে জানানো হয়নি। তবে একজন গবেষণা সহকারী ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। আমি তাৎক্ষণিকভাবে বিষয়টি খতিয়ে দেখার জন্য তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক কাজী দেলোয়ার হোসাইনকে দায়িত্ব দিই। এর বাইরে আর কোনো গবেষণা সহকারী আমার সঙ্গে যোগাযোগ করেননি।’
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অব্যাহতি দিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে এবং সায়েমকে পুনর্বহালের দাবিতে ২২ সেপ্টেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। একই দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি পালন করেন।
এতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে। গত ২৮ অক্টোবর শিক্ষার্থীরা ক্লাসে ফিরলেও অনেক একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম এখনো স্বাভাবিক হয়নি। উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা এখনো উপাচার্য ভবনে তালা দিয়ে রেখেছেন।


