মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রান্নাঘরের থালা-বাসন রাখার সেলফ থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার গাজীপুর আটঘর বস্তিতে রফিক মিয়ার বাড়ির রান্নাঘরে থালা-বাসন রাখার সেলফের ভেতরে একটি সাপ দেখতে পান পরিবারের সদস্যরা। হঠাৎ রান্নাঘরের সেলফের মধ্যে সাপটি দেখতে পেয়ে তারা আতঙ্কিত হয়ে পড়েন।
পরবর্তীতে রফিক মিয়া বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করলে ফাউন্ডেশনের চেয়ারম্যান স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে গিয়ে দেখেন সাপটি একটি শঙ্খিনী (Banded Krait) সাপ, যা বাংলাদেশের অত্যন্ত বিষধর সাপগুলোর মধ্যে অন্যতম।
পরবর্তীতে শঙ্খিনী সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার শেষে শঙ্খিনী সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, প্রতিকূল পরিবেশে সাপটিকে অবমুক্ত করা হবে।

