নাশকতাকারীদের ‘টার্গেট’ এখন রাষ্ট্রীয় স্থাপনা

নাশকতাকারীদের ‘টার্গেট’ এখন রাষ্ট্রীয় স্থাপনা

পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, গোপালগঞ্জে ২ হাজার পুলিশ, ১০ প্লাটুন বিজিবি ও এসআরবি মোতায়েন করার পরও থানায় হামলা হয়েছে। আরও পুলিশ, বিজিবি ও এসআরবি মোতায়েন করেও লাভ হবে না। কারণ, নাশকতাকারীরা জানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুলি করবেন না। তিনি বলেন, নাশকতা মোকাবেলায় আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ করা, তল্লাশিচৌকি বাড়ানোতে গুরুত্ব দেওয়া হচ্ছে।

পুলিশের একটি সূত্র বলছে, নাশকতায় বিপুল টাকা খরচ করছেন বিদেশে পলাতক সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা। এখন নাশকতায় অর্থের জোগান বন্ধে কাজ করছেন তাঁরা।

সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে একটি জেলায় একজন মন্ত্রীর উপস্থিতিতে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা। পুলিশকে উদ্দেশ করে তাঁরা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নেতা–কর্মীরা কোথাও জড়ো হলে পুলিশ পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে আসত। এখন কেন পুলিশ আসতে পারছে না? তখন জেলা পুলিশের শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা বলেন, আগে ছাত্রলীগ, যুবলীগের নেতা–কর্মীরা মাঠে থেকে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতেন। এখন পুলিশ বিএনপির নেতা–কর্মীদের থেকে কোনো তথ্য পায় না।

Explore More Districts