| ১০ November ২০২৬ Tuesday ২:১১:৪৩ PM | |
বরগুনা প্রতিনিধি:

বরগুনায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও কৃষক লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ হাসনাইন পারভেজ।
সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর শহরের খাড়াকান্দাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বরগুনা সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আরিফ হোসেন মোল্লা, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন এবং জেলা আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও বরগুনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার কবিরুর রহমান কবির।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৩০ এপ্রিল বরগুনা সদর থানায় বিশেষ ক্ষমতা আইন, দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনের বিভিন্ন ধারায় দায়ের করা একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলায় আরিফ হোসেন মোল্লা ও রুহুল আমিন এজাহারভুক্ত আসামি। অন্যদিকে, মামলার তদন্তে সাবেক কমিশনার কবিরুর রহমান কবিরের নাম উঠে এসেছে।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ হাসনাইন পারভেজ কালবেলাক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

