আমতলীতে ফেরিতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা

আমতলীতে ফেরিতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা

৯ November ২০২৬ Monday ১০:২৫:০৯ PM

Print this E-mail this


আমতলী ((বরগুনা) প্রতিনিধি:

আমতলীতে ফেরিতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা

বরগুনার আমতলীতে পায়রা নদীতে চলাচলকারী একটি ইউটিলিটি ফেরিতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।ঘটনাটি টের পেয়ে লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা আগুন না দিয়েই পালিয়ে যায়।

আজ সোমবার দুপুরে আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ফেরি কর্তৃপক্ষ।

ফেরি কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বিগত ৩৫ বছর ধরে আমতলীতে পায়রা নদী পারাপারে তিনটি ফেরি চলাচল করে আসছে। ঘটনার দিন রাত সাড়ে ৩টার দিকে একটি মোটরসাইকেলে চেপে দুই দুর্বৃত্ত ইউটিলিটি টাইপ-৫০ নম্বর ফেরির পন্টুনে আসে।দুর্বৃত্তরা সেখানে পৌঁছে ফেরির ইজারাদার প্রতিনিধি মো. আসলামের কক্ষের ছিটকিনি বাইরে থেকে আটকে দেয় এবং ইঞ্জিনের কভারে পেট্রল ঢালতে শুরু করে।

আসলাম বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে ফেরির খালাসি সায়েমসহ অন্য কর্মচারীরা ছুটে আসেন। লোকজনের উপস্থিতি টের পেয়ে আগুন দেওয়ার আগেই দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনার পর থেকে ফেরির যাত্রী ও কর্মীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

ফেরির খালাসি সায়েম ও চালক আব্দুল বারেক হাওলাদার জানান, ইজারাদার প্রতিনিধি আসলাম তাৎক্ষণিকভাবে ঘটনা টের পেয়ে চিৎকার না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। তারা জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বরগুনা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. আসাদুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের চেষ্টার ঘটনায় থানায় আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টির ওপর তদন্ত পরিচালনা করে সত্যতা পাওয়ার ভিত্তিতে জড়িত দুর্বৃত্তদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts