বাবার মৃত্যুর ঠিক এক মাস পর না ফেরার দেশে চলে গেলেন ছেলে মাওলানা মাকসুদুর রহমান (৪৫)। গত ৪ অক্টোবর বাবাকে হারিয়ে নিজের ফেসবুক আইডিতে তিনি লিখেছিলেন, ‘আমার বাবা এখন আল্লাহর মেহমান।’ কে জানত, এক মাস না পেরোতেই তাকেও এভাবে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে!
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মাকসুদুর রহমান। তার আকস্মিক এই মৃত্যুতে পরিবার, স্বজন, অনুসারী ও রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মাওলানা মাকসুদুর রহমান চাঁদপুরের ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রঘুনাথপুর গ্রামের বাসিন্দা।মরহুমের জানাজা বাদ আছর দক্ষিণ রঘুনাথপুর ইয়াকুব আলী বেপারি বাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এবং তাহার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
উক্ত জানাযায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আব্দুল কাইয়ূম, দফতর সম্পাদক লোকমান হোসেন জাফরী, কেন্দ্রীয় উপপদেষ্টা আল্লামা মুকবুল হোসাইন, সমাজ কল্যাণ বিষয়ক উপকমটির সদস্য ও জেলা ইসলামী আন্দোলনের প্রধান উপদেষ্টা শেখ মুহাম্মদ জয়নাল আবদিনসহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও বিভিন্ন দলের জেলা রাজনীতিবিদরা উপস্থিত হয়ে মরহুমের জন্য দোয়া কামনা করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ গাজী হানিফ এবং সাধারণ সম্পাদক মাওলানা নুরুদ্দিন খান মাওলানা মাকসুদুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের জন্য দোয়া করেছেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেছেন, মাওলানা মাকসুদ দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে একজন নিবেদিতপ্রাণ ছিলেন। ছাত্র বয়স থেকেই ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন করেছেন। চাঁদপুর জেলা সভাপতির দায়িত্ব পালন করেছেন। পর্যায়ক্রমে কেন্দ্রীয় প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন দায়িত্ব যোগ্যতার সাথে পালন করেছেন। সর্বশেষ তিনি চাঁদপুর জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মাওলানা মাকসুদুর রহমান একজন দক্ষ সম্পাদক ছিলেন। তিনি দীর্ঘদিন মাসিক আন নাবা সম্পাদনা করেছেন।
আল্লাহ তায়ালা মরহুমের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতের উঁচু মাকামে কবুল করুন।
স্টাফ করেসপন্ডেট/
৬ নভেম্বর ২০২৬
