মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে আটজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
বুধবার বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন এসআরবি-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর এলাকায় গত ২ নভেম্বর রাতে অভিযান চালায় এসআরবি-৯ এর একটি দল। এ সময় স্থানীয় একটি বসতঘরে বেশ কজন ব্যক্তি বৈধ পাসপোর্ট, ভিসা ও ভ্রমণ-সংক্রান্ত কাগজপত্র ছাড়াই অবৈধভাবে ভারতে যাওয়ার উদ্দেশে অবস্থান করছেন বলে তথ্য পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালিয়ে পালানোর চেষ্টাকালে আটজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন–কুলাউড়ার সঞ্জরপুর গ্রামের মো. হারিছ আলী, আবুল আলী, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আমিনুর শরীফ, মফিজুর শিকদার, কামরুল মোল্যা, ইয়ামিন মোল্যা, সুখলাল বিশ্বাস, গোপালগঞ্জ সদর উপজেলার মো. জিহাদ সরদার।

