অমিত শাহকে নিয়ে মন্তব্যের মামলায় আট বছর পর খালাস পেলেন রাহুল গান্ধী – DesheBideshe

অমিত শাহকে নিয়ে মন্তব্যের মামলায় আট বছর পর খালাস পেলেন রাহুল গান্ধী – DesheBideshe



অমিত শাহকে নিয়ে মন্তব্যের মামলায় আট বছর পর খালাস পেলেন রাহুল গান্ধী – DesheBideshe
রাহুল গান্ধী

দিল্লি,২৬ অক্টোবর-অমিত শাহকে নিয়ে মন্তব্যের কারণে দীর্ঘ আট বছর ধরে চলা ফৌজদারি মানহানির মামলা থেকে মুক্তি পেয়েছেন রাহুল গান্ধী। সোমবার উত্তরপ্রদেশের সুলতানপুরের বিশেষ আদালত তাঁকে খালাস দিলে স্বস্তি প্রকাশ করেন তাঁর সমর্থকেরা। রায় ঘোষণার পর আদালত চত্বরে তাঁরা ‘রাহুল গান্ধী জিন্দাবাদ’ স্লোগান দেন।

উপযুক্ত প্রমাণের অভাবের কথা উল্লেখ করে ২০১৮ সালে দায়ের করা ওই মামলা থেকে সোমবার রাহুল গান্ধীকে খালাস দিয়েছেন উত্তরপ্রদেশের সুলতানপুরের বিশেষ এমএলএ-এমপি আদালত।

২০১৮ সালে কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে বেঙ্গালুরুতে নির্বাচনি প্রচারণা চালানোর সময় অমিত শাহকে একটি খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ করেছিলেন রাহুল গান্ধী। কংগ্রেস নেতার ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আদালতে মানহানির মামলা করেন বিজেপি নেতা বিজয় মিশ্র। ২০১৮ সালের ৪ আগস্ট তিনি মামলাটি দায়ের করেন। এরপর কয়েক বছর ধরে মামলাটি বিভিন্ন পর্যায় অতিক্রম করে। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে রাহুল আদালতে আত্মসমর্পণ করে জামিন পান। একই বছরের জুলাই মাসে তাঁর জবানবন্দি রেকর্ড করা হয়। পাশাপাশি বিচারপ্রক্রিয়ার অংশ হিসেবে আদালত অভিযোগকারী ও অন্যান্য সাক্ষীর জবানবন্দিও গ্রহণ করেন।

চলতি বছরের ৬ অক্টোবর মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়, যা ১২ অক্টোবর পর্যন্ত চলে। বিশেষ ম্যাজিস্ট্রেট শুভম ভার্মা রায় ঘোষণার জন্য ২৬ অক্টোবর তারিখ নির্ধারণ করেছিলেন। রায় শোনার জন্য রাহুল গান্ধী নিজেও আদালতে উপস্থিত ছিলেন।

আদালত রাহুল গান্ধীকে বেকসুর খালাস দেওয়ার পর তাঁর সমর্থকেরা এই সিদ্ধান্তকে স্বাগত জানান। আদালত চত্বরেই তাঁরা ‘রাহুল গান্ধী জিন্দাবাদ’ স্লোগান দিতে থাকেন। কংগ্রেসের পক্ষ থেকেও আদালতের রায়কে স্বাগত জানানো হয়। দলটির এক্স হ্যান্ডেলে লেখা হয়, ‘সত্যেরই জয় হয়’।

চূড়ান্ত শুনানির সময় রাহুল গান্ধীর আইনজীবী আদালতে স্বীকার করেন, কংগ্রেস নেতা ওই মন্তব্যগুলো করেছিলেন। তবে তাঁর যুক্তি ছিল, মন্তব্যগুলো সৎ উদ্দেশ্যে করা হয়েছিল এবং কাউকে অপমান করার কোনো ইচ্ছা তাঁর ছিল না। রাহুলের আইনজীবী আরও বলেন, মন্তব্যগুলোকে বিকৃত করে মূল প্রসঙ্গের বাইরে উপস্থাপন করা হয়েছে।

এস এম/ ২৬ অক্টোবর ২০২৬

Explore More Districts