স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে পোস্ট, সখীপুরে যুবদল নেতা বহিষ্কার – নিউজ টাঙ্গাইল | টাঙ্গাইলের খবর

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে পোস্ট, সখীপুরে যুবদল নেতা বহিষ্কার – নিউজ টাঙ্গাইল | টাঙ্গাইলের খবর

নিজস্ব প্রতিনিধি: ফেসবুকে সরকার ও দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে শিষ্টাচারবহির্ভূত মন্তব্য এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টাঙ্গাইলের সখীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম রফিকুল বারী ওরফে রুবেল চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে। তাঁকে যুবদলের প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকার ও দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে রুবেল চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া।

এর আগে, শুক্রবার (২৩ অক্টোবর) রুবেল চৌধুরী তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ‘আমার মনে কষ্ট, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই’ লিখে একটি পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় কেন্দ্রীয় যুবদল।

Explore More Districts