যশোর শহরে পূজা দেখে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপার নিয়ে কথা-কাটাকাটির জেরে সোহান (১৮) নামে এক তরুণ ছুরিকাঘাতে আহত হয়েছেন। এ ঘটনায় নিলয় পাল (১৮) ও নাঈম (১৬) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে শহরের বেজপাড়া বালুর মাঠ এলাকায় টিপুর দোকানের সামনে এ ঘটনা ঘটে। আহত সোহান সদর উপজেলার আরবপুর মাঠপাড়া এলাকার শ্যামদাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, পূজা দেখে বাড়ি ফেরার পথে সোহান বেজপাড়া এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় রাস্তা পারাপার নিয়ে কয়েকজনের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁকে ছুরিকাঘাত করা হলে তাঁর ডান পায়ে আঘাত লাগে।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
ঘটনার পর কোতোয়ালি থানা-পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নিলয় পাল ও নাঈমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

