পূজা দেখতে গিয়ে বাড়ি ফাঁকা, চুরি হলো স্বর্ণালংকার ও টাকা – দৈনিক আজাদী

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে পরিবারের সদস্যরা শারদীয় দুর্গাপূজা দেখতে যাওয়ার সুযোগে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

এ সময় ঘর থেকে পাঁচ ভরি স্বর্ণালংকার, পাঁচ ভরি রুপা, নগদ ১৫ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন চুরি হয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

শনিবার (১৭ অক্টোবর) রাত ৯টার দিকে কোতোয়ালী থানাধীন হেমসেন লাইনের নূর ম্যানশনের ৯ নম্বর প্লটের ৪ তলার ৭ নম্বর ফ্ল্যাটের সিজিএস সিএসের সহকারী শিক্ষক দোলন চন্দ্র প্রেমার বাসায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষক দোলন চন্দ্র প্রেমা জানান, শনিবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে বাসা থেকে বের হয়ে শারদীয় পূজা দেখতে যান। পূজা দেখে রাত ৯টা ৫৩ মিনিটের দিকে বাসায় ফিরে দরজার হুক খোলা দেখতে পান। পরে বাসায় প্রবেশ করেন। এ সময় বাসায় রাখা পাঁচ ভরি স্বর্ণালংকার আনুমানিক মূল্য ৮ লাখ ৫০ হাজার টাকা, ৫ ভরি রুপা আনুমানিক মূল্য ১৪ হাজার টাকা, নগদ ১৫ হাজার টাকা এবং ১৫ হাজার টাকা মূল্যের একটি স্যামসাং গ্যালাক্সি ফোন খোয়া যাওয়ার বিষয়টি তাঁদের নজরে আসে।

শিক্ষক দোলন চন্দ্র প্রেমার ধারণা, চোরেরা বাসায় প্রবেশ করে চুরির ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Explore More Districts