মির্জাপুরে লৌহজং নদী থেকে আড়াই বছরের শিশু সাফুয়ানের মরদেহ উদ্ধার – নিউজ টাঙ্গাইল | টাঙ্গাইলের খবর

মির্জাপুরে লৌহজং নদী থেকে আড়াই বছরের শিশু সাফুয়ানের মরদেহ উদ্ধার – নিউজ টাঙ্গাইল | টাঙ্গাইলের খবর

নিউজ ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে ডুবে নিখোঁজ হওয়া আড়াই বছর বয়সী শিশু সাফুয়ানের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার কাণ্ঠালিয়া এলাকার মাঝ নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সাফুয়ান কাণ্ঠালিয়া গ্রামের বাসিন্দা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাড়ির সবার অগোচরে শিশুটি নদীর পাড়ে চলে যায়। একপর্যায়ে সে নদীর পানিতে পড়ে তলিয়ে যায়। নদীর অপর প্রান্ত থেকে কয়েকজন নারী শিশুটিকে পানিতে পড়তে দেখে চিৎকার করেন। তবে তাৎক্ষণিকভাবে আশপাশে কাউকে না পাওয়ায় শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয়রা শিশুটিকে হাত নাড়তে নাড়তে পানির নিচে তলিয়ে যেতে দেখেন।

খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তিন সদস্যের ডুবুরি দল নদীতে তল্লাশি চালিয়ে বিকেলে মাঝ নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার ইসমাইল হোসেন বলেন, ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। শিশুটিকে উদ্ধারের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Explore More Districts