মির্জাপুরে যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করার অভিযান, ব্যবসায়ীদের ২৪ ঘণ্টার আলটিমেটাম – নিউজ টাঙ্গাইল | টাঙ্গাইলের খবর

মির্জাপুরে যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করার অভিযান, ব্যবসায়ীদের ২৪ ঘণ্টার আলটিমেটাম – নিউজ টাঙ্গাইল | টাঙ্গাইলের খবর

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর পৌর শহরে যানজট নিরসন ও জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধ দখলদার ব্যবসায়ীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে ফুটপাত ও সড়ক থেকে অবৈধ দখল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ রেজা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে মির্জাপুর পৌর শহরের প্রধান বাজার ও বাইপাস এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং করার দায়ে মিজান নামের এক ব্যক্তিকে দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) তৌহিদ রেজা পৌর শহরের গুরুত্বপূর্ণ বাজার ও বাইপাস এলাকা পরিদর্শন করেন। এ সময় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা বিভিন্ন অবৈধ স্থাপনা, দোকানপাট এবং ফুটপাতের ওপর পণ্যসামগ্রী ছড়িয়ে রাখার চিত্র দেখতে পান তিনি। জনসাধারণের চলাচলের পথ উন্মুক্ত রাখতে দখলদারদের ২৪ ঘণ্টার মধ্যে সব অবৈধ দখল সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি মির্জাপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সামনে থাকা নিরাপত্তাবেষ্টনী ভেঙে ফেলা হয়।

উচ্ছেদ ও সচেতনতামূলক এ অভিযানে মির্জাপুর থানা-পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মির্জাপুর পৌর শহরের প্রধান বাজার ও বাইপাস এলাকার বিভিন্ন স্থানে ফুটপাত দখল হয়ে থাকায় পথচারী ও ক্রেতাদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ফুটপাত দিয়ে চলাচল করতে না পেরে অনেককে সড়ক ব্যবহার করতে হয়, যা যানজটের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

প্রশাসনের এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল ও সাধারণ পথচারীরা। তাঁদের প্রত্যাশা, নির্ধারিত সময়ের মধ্যে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা হলে যানজট কমবে এবং জনসাধারণের চলাচল সহজ হবে।

তবে অভিযান শেষ হওয়ার পর আবারও ফুটপাত ও সড়ক দখল হয়ে যায় কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়দের কেউ কেউ। তাঁদের মতে, শুধু এককালীন অভিযান নয়, দখলমুক্ত অবস্থা বজায় রাখতে নিয়মিত তদারকি এবং নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

Explore More Districts