ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মারামারি ও ধস্তাধস্তিতে জড়ানো দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। একই সঙ্গে দুজনকে বদলির সুপারিশ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই শিক্ষকের মারামারির ঘটনা তদন্ত করে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। তদন্ত শেষে গতকাল বুধবার সন্ধ্যায় প্রতিবেদন তিনি পেয়েছেন। পরে আজ বৃহস্পতিবার দুই শিক্ষকের বিরুদ্ধে তিনি বিভাগীয় মামলা করেছেন। পাশাপাশি বদলির সুপারিশ করে অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে।
