| ১৪ October ২০২৬ Wednesday ১:০৩:১১ PM | |
নাজিরপুর ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুরে অবৈধভাবে সার বিক্রির দায়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতায় এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার দীঘিরজান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী উপসহকারী কৃষি কর্মকর্তা বিপুল কুমার মল্লিক (৪৬) বাদী হয়ে মো. বাবুল মোল্লা (৫৫) নামের ওই ব্যবসায়ীর বিরুদ্ধে রাতে নাজিরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বাবুল মোল্লা দীর্ঘদিন ধরে দীঘিরজান বাজারে লাইসেন্স ছাড়াই সার বিক্রি করে আসছিলেন। মঙ্গলবার বিকেলে উপজেলা কৃষি কর্মকর্তা ও সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে ওই বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে দায়িত্ব পালন করছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা বিপুল কুমার মল্লিক।
অভিযানকালে বাবুল মোল্লার দোকান ও গুদামে তল্লাশি চালিয়ে দুই বস্তা ইউরিয়া, সাড়ে তিন বস্তা ডিএপি, এক বস্তা এমওপি ও পাঁচ বস্তা টিএসপি সার পাওয়া যায়। অননুমোদিতভাবে সার বিক্রির দায়ে সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান হাবিব তাকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।
অভিযোগে বলা হয়, অভিযান শেষে বিকেল সোয়া ৫টার দিকে বিপুল কুমার মল্লিক বাজারে ব্যক্তিগত কেনাকাটা করতে গেলে বাবুল মোল্লা তার পথরোধ করেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহযোগিতা করার কারণে তাকে ‘উচিত শিক্ষা’ দেওয়ার হুমকি দিয়ে বাঁশের লাঠি দিয়ে মারধর করা হয়।এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। এ সময় বাবুল মোল্লা তাকে হত্যা করে নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়ে চলে যান বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ আহত কর্মকর্তাকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তিনি থানায় লিখিত অভিযোগ দেন।
নাজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাতুন্নেছা এশা বলেন, পূর্বের অভিযোগের ভিত্তিতে লাইসেন্স ছাড়া সার বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাবুল মোল্লাকে জরিমানা করা হয় এবং সার জব্দ করা হয়।অভিযানের সময় তিনি তাঁর সঙ্গেও অসদাচরণ করেন। পরে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করার পর ওই ব্যবসায়ী উপসহকারী কৃষি কর্মকর্তা বিপুল মল্লিকের ওপর অতর্কিত হামলা চালান। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, সরকারি কর্মকর্তার ওপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান হাবিব বলেন, দীঘিরজান বাজারের ব্যবসায়ী বাবুল মোল্লার দোকান থেকে অবৈধভাবে মজুদ করা সার জব্দ করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযান শেষে তাঁরা চলে আসার পর কৃষি অফিসের এক কর্মকর্তাকে ওই ব্যবসায়ী মারধর করেছেন বলে তিনি শুনেছেন। এ বিষয়ে পরদিন অফিস খোলার পর সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

