পানিতে ডুবে প্রাণ গেল জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের – নিউজ টাঙ্গাইল | টাঙ্গাইলের খবর

পানিতে ডুবে প্রাণ গেল জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের – নিউজ টাঙ্গাইল | টাঙ্গাইলের খবর

হবিগঞ্জের বাহুবলে বাড়ির পাশের পুকুরে ডুবে দ্বীপ শীল নামে তিন বছর বয়সী এক ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার নারিকেলতলা গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমেও শোক প্রকাশ করছেন তার অনুসারী ও শুভাকাঙ্ক্ষীরা।

নিহত দ্বীপ শীল উপজেলার নারিকেলতলা গ্রামের বাসিন্দা বিজয় শীলের ছেলে। বয়স মাত্র তিন বছর তিন মাস হলেও কাকার সঙ্গে বিভিন্ন সৃজনশীল ভিডিওতে অংশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পেয়েছিল সে। হাস্যোজ্জ্বল মুখ ও স্বতঃস্ফূর্ত উপস্থিতির কারণে অল্প সময়েই অনেকের প্রিয় হয়ে ওঠে শিশুটি।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, মঙ্গলবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে দ্বীপকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় পরিবারে শোকের মাতম শুরু হয়।

দ্বীপের কাকা বিপ্লব শীল নিউ ভিশন কেজি অ্যান্ড হাইস্কুলের সহকারী শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের সৃজনশীল কনটেন্ট তৈরি করেন। কয়েক মাস ধরে কাকার সঙ্গে বিভিন্ন ভিডিওতে অংশ নিচ্ছিল দ্বীপ। এসব ভিডিওতে শিশুটির উপস্থিতি দর্শকদের নজর কাড়ে। ধীরে ধীরে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ হয়ে ওঠে সে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার জানান, পানিতে ডুবে দ্বীপ শীল নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। পরে পারিবারিকভাবে শিশুটির শেষকৃত্য সম্পন্ন করা হয়।

এদিকে দ্বীপের অকালমৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমের নিজের পেজে প্রকাশ করেন তার কাকা বিপ্লব শীল। পোস্টটি ছড়িয়ে পড়ার পর অসংখ্য মানুষ শোক ও সমবেদনা জানিয়ে মন্তব্য করেন। অনেকেই শিশুটির সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি ও ভালোবাসার কথা তুলে ধরেন।

মাত্র তিন বছর বয়সে দ্বীপের এমন অকালমৃত্যুতে শোকাহত তার পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। যে শিশুটিকে কিছুদিন আগেও বিভিন্ন ভিডিওতে হাসিখুশি দেখা যেত, তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমেও নেমে এসেছে শোকের ছায়া।

Explore More Districts