লুঙ্গি-গামছায় যবিপ্রবিতে শোভাযাত্রা, বার্তা দিল সংস্কৃতির সমতার

লুঙ্গি-গামছায় যবিপ্রবিতে শোভাযাত্রা, বার্তা দিল সংস্কৃতির সমতার

পোশাকের মাধ্যমে তৈরি হওয়া সামাজিক শ্রেণিবৈষম্য ও প্রচলিত ট্যাবু ভেঙে সংস্কৃতির সমতার বার্তা ছড়িয়ে দিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’। রোববার (১১ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের উদ্যোগে এ বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এর মূল প্রতিপাদ্য ছিল ‘সংস্কৃতির সমতা’।

বিশ্ববিদ্যালয়ের মাইকেল মধুসূদন দত্ত একাডেমিক ভবনের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে প্যারেডের সূচনা হয়। পরে শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্যার জগদীশ চন্দ্র বসু ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবন ঘুরে আবার শুরুর স্থানে এসে শেষ হয়।

ব্যতিক্রমী এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তাঁদের পরনে ছিল লুঙ্গি, শাড়ি, ফতুয়া ও গামছাসহ বাঙালির ঐতিহ্যবাহী নানা পোশাক।

আয়োজকদের এ উদ্যোগের মধ্য দিয়ে পোশাকের ভিত্তিতে মানুষকে মূল্যায়ন করার প্রবণতা ও সামাজিক বিভাজনের বিরুদ্ধে সচেতনতার বার্তা তুলে ধরা হয়। একই সঙ্গে বাঙালির ঐতিহ্যবাহী পোশাকের প্রতি সম্মান এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যে সমতার গুরুত্বও তুলে ধরা হয়।

Explore More Districts