মির্জাপুরে ভদ্রবেশে বিকাশের দোকান থেকে দেড় লাখ টাকা চুরি – News Tangail | নিউজ টাঙ্গাইল

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে ভদ্রবেশে একটি বিকাশের দোকান থেকে কৌশলে নগদ দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তিন সদস্যের একটি প্রতারক চক্রের বিরুদ্ধে।

বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কলেজ রোডের পুরাতন শহীদ মিনারসংলগ্ন জাকির হোসেনের বিকাশের দোকানে এ ঘটনা ঘটে।

দোকানি জাকির হোসেন জানান, প্রথমে এক যুবক দোকানে এসে ৫০ টাকার একটি রিচার্জ কার্ড চান। কিছুক্ষণ পর আরও দুই যুবক দোকানে প্রবেশ করেন। একপর্যায়ে তারা দোকানের মেঝেতে কয়েকটি রিচার্জ কার্ড পড়ে থাকতে দেখেন। কার্ডগুলো কার, তা জানতে চেয়ে দোকানিসহ দুজনকে নিচু হয়ে সেগুলো দেখতে ব্যস্ত করে তোলেন তারা।

এই সুযোগে প্রতারক চক্রের অপর এক সদস্য ক্যাশে থাকা নগদ দেড় লাখ টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়। কয়েক মিনিটের মধ্যেই পুরো ঘটনাটি ঘটে বলে জানান দোকানি।

পরে টাকা না থাকার বিষয়টি বুঝতে পেরে পুলিশকে খবর দেন জাকির হোসেন। খবর পেয়ে মির্জাপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

মির্জাপুর থানার এসআই রমিজ রায়হান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে আশপাশের বিভিন্ন স্থাপনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের গ্রেপ্তার ও হাতিয়ে নেওয়া টাকা উদ্ধারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

Explore More Districts