তারিকুল ইসলাম তারা
কুড়িগ্রামের রাজিবপুরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে পুলিশের মহড়া ও কিউআরটি (কুইক রেসপন্স টিম) টিমের চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার ৬ অক্টোবর বিকেলে রাজিবপুর থানা পুলিশের উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় এ মহড়া ও চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় কিউআরটি টিমের সদস্যরা বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং পূজামণ্ডপগুলোতে নির্বিঘ্নে উৎসব উদযাপন করা যায়, সে লক্ষ্যে পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ জানায়, দুর্গাপূজা চলাকালে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি এবং প্রয়োজন অনুযায়ী তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে। রাজিবপুর থানা পুলিশ জানিয়েছে, শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল ও চেকপোস্ট কার্যক্রমও অব্যাহত থাকবে।
