বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসন ও জেলা শিক্ষা পরিবার যশোরের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ। এতে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হক, শিক্ষক নেতা ইবাদত হোসেন, তালবাড়িয়া কলেজের অধ্যক্ষ ড. শাহনাজ পারভীনসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও কর্মকর্তারা।
র্যালিটি শহরের ষষ্টিতলা পাড়ায় অবস্থিত প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে পিটিআইয়ের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
এদিকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, যশোর জেলা শাখা। সোমবার সকালে বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউট প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক আবুল হাশিম রেজা। তিনি বলেন, ‘শিক্ষকদের শুধু শুভেচ্ছা জানালেই হবে না; তাদের মর্যাদা, অধিকার, নিরাপত্তা ও ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।’
তিনি আরও বলেন, একটি জাতির ভবিষ্যৎ নির্ধারিত হয় শ্রেণিকক্ষে। সেই শ্রেণিকক্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ শিক্ষক। শিক্ষকরা চিকিৎসক, প্রকৌশলী, প্রশাসক ও রাষ্ট্রনায়কসহ প্রতিটি পেশার মানুষ তৈরি করেন। অথচ অন্যের ভবিষ্যৎ নির্মাণকারী শিক্ষকের নিজের ভবিষ্যৎ অনেক ক্ষেত্রেই অনিশ্চিত।
সমাবেশ সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি অধ্যাপক মনিরুল ইসলাম। এতে বক্তব্য দেন কলেজ শিক্ষক পরিষদের জেলা সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, সদর উপজেলা সভাপতি অধ্যাপক সাঈদুর রহমান, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পরিষদের জেলা সভাপতি মতিয়ার রহমান এবং বাংলাদেশ কারিগরি শিক্ষক পরিষদের জেলা সভাপতি ইঞ্জিনিয়ার আবু হাসান।
পরে শিক্ষক ফেডারেশনের উদ্যোগেও বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে বিভিন্ন পর্যায়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষক নেতারা অংশ নেন।

