যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে শার্শা থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পাড়িয়ার ঘোপ এলাকার মৃত শামসুর রহমানের ছেলে খোরশেদ আলম (৫০), রাড়িপুকুর গ্রামের তফসের আলীর ছেলে শেখ নাজমুল হাসান (৫১), গোগা ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত সুরত আলীর ছেলে মো. ইমানুর রহমান (৫৩) এবং আমলাই গ্রামের শাহাজান কবিরের ছেলে আবু বকর সিদ্দিক ওরফে হৃদয় (২২)।
পুলিশ জানায়, খোরশেদ আলম ও শেখ নাজমুল হাসান সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগের সক্রিয় কর্মী। ইমানুর রহমান গোগা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আবু বকর সিদ্দিক ওরফে হৃদয় ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে শার্শা থানায় মামলা রয়েছে। মামলাটির এফআইআর নম্বর ২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নম্বর ৩০২, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬। মামলায় দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং দ্য এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার চারজনকে রোববার পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

