দেশব্যাপি হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ১ কোটি ৮৫ লাখ ৮৩৩ শিশুকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো.সাখাওয়াত হোসেন। শনিবার ২৬ সেপ্টেম্বর বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০২০ সালের পর থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত টিকাদান কর্মসূচি বন্ধ থাকায় চার বছরের ঘাটতি তৈরি হয়। দায়িত্ব নেওয়ার পর সরকার সেই ঘাটতি পূরণে টিকাদান কর্মসূচি জোরদার করে।
তিনি জানান, গত ৫ এপ্রিল থেকে কর্মসূচি শুরু হয়। প্রথমে ১৮ জেলায় এবং পরে ঢাকা ও দুটি সিটি করপোরেশনে কার্যক্রম পরিচালিত হয়। এরপর ২০ এপ্রিল থেকে সারাদেশে টিকাদান শুরু করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন,হাম আক্রান্ত শিশুদের মধ্যে অপুষ্টির কারণে নিউমোনিয়ার ঝুঁকি বাড়ছে। এ অবস্থায় আইসিডিডিআরবির চিকিৎসক চিশতির উদ্ভাবিত কম খরচের বোতলভিত্তিক সিপ্যাপ পদ্ধতিতে অনেক শিশুকে অক্সিজেন দিয়ে রক্ষা করা সম্ভব হয়েছে।
তিনি জানান,হাম পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় নতুন করে ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়ার ক্যাচআপ কর্মসূচি শুরু হয়েছে। এর মধ্যে ১০ লাখ নতুন জন্ম নেওয়া শিশু এবং ২৪ লাখ আগে বাদ পড়া শিশু।
ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে এ কর্মসূচির আওতায় আনার লক্ষ্য রয়েছে। কর্মজীবী মায়েদের সুবিধার জন্য বন্ধের দিন এবং সন্ধ্যার পরও টিকা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। কর্মসূচি সফল করতে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন স্বাস্থ্যমন্ত্রী।
২৭ সেপ্টেম্বর ২০২৬
এ জি

