ট্রলারডুবি: এক মাসেও ফিরেনি নিখোঁজ ৪ জেলে, অপেক্ষায় স্বজনরা

ট্রলারডুবি: এক মাসেও ফিরেনি নিখোঁজ ৪ জেলে, অপেক্ষায় স্বজনরা

২৪ September ২০২৬ Thursday ৬:৩৫:৪৪ PM

Print this E-mail this


পাথরঘাটা (বরগুনা):

ট্রলারডুবি: এক মাসেও ফিরেনি নিখোঁজ ৪ জেলে, অপেক্ষায় স্বজনরা

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারডুবির এক মাস পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি চার জেলের। স্বজনদের কেউ কেউ বিষখালী নদীর তীরে গিয়ে সাগরের দিকে তাকিয়ে থাকেন-এই বুঝি প্রিয়জনের মরদেহ ভেসে এলো।

বঙ্গোপসাগরের কোলঘেঁষা বরগুনার পাথরঘাটা উপজেলায় নিখোঁজ জেলেদের পরিবারে এখন চলছে অনিশ্চয়তা ও অর্থকষ্ট। প্রতি বছরই মাছ শিকারে গিয়ে সাগরে নিখোঁজ জেলেদের তালিকা দীর্ঘ হচ্ছে।

উপকূলীয় গবেষণা প্রতিষ্ঠান পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন ও উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, ১৯৯৩ সাল থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩২ বছরে ১৮৮ জন জেলে সাগর বা নদী মোহনায় নিখোঁজ হয়েছেন। পরবর্তীতে আরও ছয়জন এবং গত মাসে আরও চারজন নিখোঁজ হন।

সবশেষ ২৪ আগস্ট গভীর বঙ্গোপসাগরে আকস্মিক ঝড় ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে এফবি বরকত নামে মাছ ধরার একটি ট্রলার ১৩ জন জেলেসহ ডুবে যায়। দুর্ঘটনার পর আট জেলেকে উদ্ধার করে অন্য একটি মাছ ধরার ট্রলার।তবে নিখোঁজ ছিলেন আরও পাঁচ জেলে। 

ট্রলারডুবির প্রায় ২২ ঘণ্টা পর সাগর থেকে সাইকুল মীর (৩৩) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়। কিন্তু ঘটনার এক মাস পেরিয়ে গেলেও নুর আলম (৩৭), কাউসার (৩০), ইব্রাহিম (২৮) ও বেলাল হোসেনের (২২) কোনো সন্ধান পাওয়া যায়নি।

তাদের বাড়ি পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে। দীর্ঘদিন ধরে স্বজনদের অপেক্ষা এখন হতাশায় পরিণত হয়েছে। তারপরও প্রিয়জনের মরদেহ ফিরে পাওয়ার আশায় পথ চেয়ে আছেন।

নিহত সাইকুল মীরের স্ত্রী মাহমুদা বেগম বলেন, ট্রলারডুবির দুই-তিন দিন পর দু-একজন কিছু সাহায্য-সহযোগিতা করেছিলেন। বর্তমানে পরিবার নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটাতে হচ্ছে।

সন্তানদের স্কুল-মাদ্রাসায় পাঠানোও প্রায় বন্ধ হওয়ার উপক্রম। নিখোঁজ নুর আলমের স্ত্রী হাফিজা জানান, একমাত্র উপার্জনক্ষম স্বামী নিখোঁজ হওয়ার পর থেকে চারদিকে এখন অন্ধকার দেখছি।

এদিকে নিখোঁজ জেলেদের মরদেহ উদ্ধারে দুই দফায় চেষ্টা চালানো হলেও প্রতিকূল আবহাওয়ার কারণে তা সফল হয়নি বলে জানিয়েছেন ডুবে যাওয়া ট্রলারের মালিক ও মাঝি বাদল মোল্লা।

পাথরঘাটা থানার ওসি আব্দুল আলীম বলেন, নিখোঁজ চার জেলের সন্ধান ও মরদেহ উদ্ধারে চেষ্টা অব্যাহত আছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts