শেরপুর সংবাদদাতা
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি, নিজেকে ও পরিবারকে নিরাপদ রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে শহরে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের প্রাদুর্ভাব রোধ এবং সর্বস্তরের মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ২৬ সেপ্টেম্বর সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নাগরিক সংগঠন ‘জনউদ্যোগ’ আয়োজিত এ ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. সাইফুল ইসলাম, জনউদ্যোগ শেরপুরের আহবায়ক আবুল কালাম আজাদ প্রমুখ। উদ্বোধনের পর এক বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের খরমপুর মোড়, রঘুনাথ বাজার বাসস্ট্যান্ড হয়ে চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্ষা ও বর্ষাপরবর্তী সময়ে জমে থাকা পানিতে এডিস মশার বংশবৃদ্ধি বেড়ে যায়, যার ফলে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাবের ঝুঁকি মারাত্মক রূপ ধারণ করে। এ পরিস্থিতিতে নিজ নিজ বাসাবাড়ি ও কর্মক্ষেত্রের চারপাশ পরিষ্কার রাখা এবং কোথাও যেন পানি জমে না থাকে সে বিষয়ে সবাইকে ব্যক্তিগত পর্যায়ে সচেতন হতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন ও তরুণ স্কাউটদের এই সচেতনতামূলক অংশগ্রহণ একটি মশামুক্ত ও সুস্থ সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা প্রদান করে ‘ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট’ (আইইডি) এবং ‘বাংলাদেশ স্কাউটস, শেরপুর জেলা রোভার’।
