যশোরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া ১০৬ প্রার্থী নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা প্রার্থীরা অংশ নেন।
প্রার্থীদের দাবি, সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ২৯০ জনের মধ্যে ১৮৪ জনকে নিয়োগপত্র দেওয়া হলেও ১০৬ জনকে এখনো নিয়োগপত্র দেওয়া হয়নি।
তাদের অভিযোগ, বিভিন্ন কারণ দেখিয়ে নিয়োগপত্র আটকে রাখা হলেও অধিকাংশ প্রার্থী রাজনৈতিক কারণে বাদ পড়েছেন। বিষয়টি বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে জানালে তিনি বিষয়টি গুরুত্বসহকারে দেখার আশ্বাস দেন। পাশাপাশি আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় বিষয়টি আলোচনা করার কথা জানান।
প্রার্থীরা জানান, দ্রুত নিয়োগের বিষয়ে সমাধান না হলে রোববার (২৭ সেপ্টেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সমবেত হয়ে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবেন।


