গুপ্ত-সুপ্ত এক হয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: অনিন্দ্য ইসলাম অমিত

গুপ্ত-সুপ্ত এক হয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: অনিন্দ্য ইসলাম অমিত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘গুপ্ত আর সুপ্ত এক হয়ে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তবে তাদের সেই পরিকল্পনা সফল হবে না। জনগণ তাদের সব ষড়যন্ত্র প্রতিহত করবে।’

শুক্রবার বিকেলে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চুড়ামনকাটি, হৈবতপুর ও কাশিমপুর ইউনিয়ন বিএনপি সারাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে।

অমিত বলেন, ‘এই সরকার ভোট ডাকাতি বা ডামি নির্বাচনের সরকার নয়। জনগণের ভোটে নির্বাচিত সরকার। যারা মুখে মুক্তিযুদ্ধের কথা বললেও রাজাকারের সঙ্গে গোপনে আঁতাত করে সরকারের বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে দেশবাসী ঐক্যবদ্ধ।’

মাদকমুক্ত সমাজ গঠনের বিষয়ে তিনি বলেন, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। দেশব্যাপী মাদকের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। আগামীতে আরও কঠোরভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এর অন্যতম কারণ হচ্ছে পাচার রোধ করা। পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম থাকায় সীমান্ত দিয়ে তেল পাচারের ঝুঁকি তৈরি হচ্ছিল। কার্যকর বিকল্প ব্যবস্থা না থাকায় সরকার মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের সংকট কেটে গেলে এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল হলে দেশের বাজারেও মূল্য পুনরায় সমন্বয় করা হবে। পরিস্থিতি অনুকূলে থাকলে আগের তুলনায় জ্বালানি তেলের দাম কমানো হতে পারে।

চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাইদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সদস্য কাজী আযম, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দার হোসেন, সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন,সাংগটনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুল ইসলাম মিঠু,ইদ্রিস আলী, সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফ, সিনিয়র সহ সভাপতি শেলিনা পারভীন শেলী, সদর উপজেলা কৃষক দলের আহবায়ক নাসু, সদস্য সচিব মহাসিন আলী, যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান বিপ্লব, হৈবতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, কাশিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আয়ূব হোসেন, সাধারণ সম্পাদক আবুল খায়ের, চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু তালেব, রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, মাসুদুর রহমান মাসুদ, আবুল কালাম আজাদ, যুবদলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক নাহিদ হাসান তপন,ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান প্রমূখ।

সমাবেশ সঞ্চালনা করেন চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান।

Explore More Districts