
রোম, ২২ সেপ্টেম্বর- গাজায় যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইয়োনাতান চালিচ নামে এক ইসরায়েলি সেনার বিরুদ্ধে ইতালিতে ফৌজদারি অভিযোগ করেছে হিন্দ রাজাব ফাউন্ডেশন (এইচআরএফ)। খবর আল জাজিরার।
সোমবার এক বিবৃতিতে ফাউন্ডেশনটি জানায়, চালিচ বর্তমানে ইতালির মধ্যাঞ্চলীয় তুসকানি অঞ্চলে ছুটিতে রয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে তিনি দায়িত্ব পালন করেছেন বলে দাবি করেছে এইচআরএফ।
ফাউন্ডেশনের তথ্যমতে, চালিচ ইসরায়েলি সেনাবাহিনীর ৪০১তম আর্মার্ড ব্রিগেডের অধীন গিভাতি শাকেদ ব্যাটালিয়নের টাইফুন কোম্পানিতে দায়িত্ব পালন করেছেন।
এইচআরএফের তদন্তে গাজায় সংঘটিত তিনটি ঘটনায় চালিচের সম্ভাব্য সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়েছে। ঘটনাগুলো হলো—২০২৪ সালের মার্চ ও এপ্রিলে আল-শিফা হাসপাতাল অবরোধ ও ধ্বংসের ঘটনা, ২০২৩ সালের ডিসেম্বরের শেষ দিকে হাজ হামদি হারজাল্লাহ মসজিদে হামলা এবং একই বছরের ডিসেম্বরে প্যালেস্টাইন স্কয়ার ধ্বংস।
ফাউন্ডেশনের মহাপরিচালক দিয়াব আবু জাহজাহ বলেন, ইতালি এবং বিশেষ করে তুসকানি অঞ্চলে ফিলিস্তিনের প্রতি সংহতি রয়েছে এবং ন্যায়বিচারের দাবিও জোরালো। তার ভাষ্য, গাজায় ধ্বংসযজ্ঞ ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য ইতালিকে নিরাপদ আশ্রয়স্থলে পরিণত করা উচিত নয়।
তিনি আরও বলেন, ‘জবাবদিহি থেকে কোনো ছুটি নেই। গাজা থেকে তুসকানি পর্যন্ত যদি প্রমাণ আপনাকে অনুসরণ করে, তাহলে ন্যায়বিচারও অনুসরণ করা উচিত।’
হিন্দ রাজাব ফাউন্ডেশন গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন দেশে আইনি পদক্ষেপ নেওয়ার উদ্যোগ চালিয়ে আসছে। ইতালিতে দায়ের করা অভিযোগের পর দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করবে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
এস এম/ ২২ সেপ্টেম্বর ২০২৬

