সাতকানিয়ায় ব্যাটারি রিকশায় ট্রেনের ধাক্কা, নিহত ২ – দৈনিক আজাদী





সাতকানিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশায় ট্রেনের ধাক্কায় রিকশার চালক ও যাত্রী নিহত হয়েছে। গতকাল রোববার দুপুর দেড়টার দিকে চট্টগ্রামকক্সবাজার রেললাইনের সাতকানিয়ার কালিয়াইশে বিওসির মোড়কাটগড় সড়কের পূর্ব কাটগড় রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন প্রবাসী আবু তাহের (৪৮) ও রিকশাচালক আবদুস শুক্কুর (৪৬)। এ ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী পূর্ব কাটগড় রেলক্রসিংয়ে গেটম্যান নিয়োগের দাবিতে রেললাইনে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে। ফলে কক্সবাজার থেকে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেস প্রায় আড়াই ঘণ্টা আটকা পড়ে। পরে পূর্ব কাটগড় রেলক্রসিংয়ে গেটম্যান নিয়োগের প্রতিশ্রুতি দেয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

জানা যায়, গতকাল দুপুর দেড়টার দিকে সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের মাইঙ্গা পাড়ার মৃত হাজী আহমদ হোসেনের ছেলে প্রবাসী আবু তাহের ধর্মপুর ইউনিয়নের মহুরীপাড়ার সাহাব মিয়ার ছেলে আবদুস শুক্কুরের ব্যাটারিচালিত অটোরিকশায় করে রেললাইনের পূর্ব কাটগড় ক্রসিং পার হচ্ছিলেন। এ সময় কঙবাজারগামী পর্যটন এক্সপ্রেসের ধাক্কায় দুজন ঘটনাস্থলে নিহত হন।

সাতকানিয়া রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মঙ ইউ মারমা জানান, এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী পূর্ব কাটগড়ে অরক্ষিত রেলক্রসিংয়ে গেটম্যান নিয়োগের দাবিতে গাছের ডাল ও গুঁড়ি ফেলে রেললাইনে অবরোধ করে। ফলে কক্সবাজার থেকে ছেড়ে আসা প্রবাল এঙপ্রেস আটকা পড়ে। বিষয়টি আমি চট্টগ্রাম রেলওয়ে পুলিশকে অবহিত করি।

চট্টগ্রাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সুজন কুমার দে জানান, পূর্ব কাটগড় এলাকায় রেল ক্রসিংয়ে গেটম্যান না থাকায় স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে রেললাইন অবরোধ করে রাখে। পরে আমরা ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদেরকে বুঝিয়ে অবরোধ তুলে নিই। এছাড়া নিহত দুজনের সুরতহাল করে লাশ স্বজনদের নিকট হস্থান্তর করি।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। পরে আমি রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এলাকাবাসীর দাবির বিষয়ে কথা বলি। রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পূর্ব কাটগড় রেল ক্রসিংয়ে শীঘ্রই গেটম্যান নিয়োগের প্রতিশ্রুতি দেন এবং বিষয়টি আমি এলাকাবাসীকে জানাই। এতে তারা আশ্বাস্ত হয়ে রেললাইন থেকে সরে যায়। পরে পুলিশ রেললাইন থেকে গাছের ডাল ও গুঁড়ি সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।




Explore More Districts