| ১৮ September ২০২৬ Friday ৬:১১:৩৯ PM | |
ভোলা প্রতিনিধি:

ভোলার দৌলতখান উপজেলায় জমি বিরোধের জেরে ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের সময় মমতাজ ওরফে রাসু বেগম (৪৫) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নিজবাড়ি থেকে রাসু বেগমের মরদেহ উদ্ধার করে দৌলতখান থানা পুলিশ।
নিহত উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নজির বেপারী বাড়ির জাহাঙ্গীরের স্ত্রী। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কাশেম ও তার স্ত্রী রুজিনাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে ১টার দিকে তাকে নিজবাড়িতে পিটিয়ে হত্যা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে নিহতের দেবর বজলু ব্যাপারীর ছেলে মাইনুদ্দিন জমি-সংক্রান্ত একটি বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে পাশের বাড়ির কাশেম, তার ছেলে ইকবাল, স্ত্রী রাজিয়া বেগম ও নিহতের দেবর বজলুর মধ্যে কথা-কাটাকাটি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় রাসু বেগম সংঘর্ষ থামাতে এগিয়ে গেলে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করেন। পরে রাত ১টার দিকে তার মৃত্যু হয় বলে দাবি তার পরিবারের।এ ঘটনার পর থেকে অভিযুক্ত কাশেমের ছেলে ইকবাল পলাতক রয়েছেন।
নিহতের মেয়ে রুবিনা বেগম অভিযোগ করে বলেন, ‘আমার মাকে কাশেম, ইকবাল ও রাজিয়া বেগম পিটিয়ে হত্যা করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
দৌলতখান থানার ওসি ফখরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘খবর পেয়ে ভোর রাত ৪টার দিকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।তবে এ ঘটনায় আবুল কাশেম ও রুজিনা বেগম নামের দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে আনা হয়েছে। নিহতের পরিবার এখনো লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |
