৩ অক্টোবর শুরু জাতীয় ক্রিকেট লিগ

চার দিনের ম্যাচ দিয়ে মাঠে গড়াতে যাচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের নতুন মৌসুম (২০২৬-২৭)। আগামি ৩ অক্টোবর জাতীয় ক্রিকেট লিগের ২৮তম আসর শুরু হতে যাচ্ছে।

চার ভেন্যুতে একযোগে প্রথম রাউন্ডের লড়াইয়ে নামবে আটটি বিভাগীয় দল। আজ ১৬ সেপ্টেম্বর বুধবার দীর্ঘ কাঙ্ক্ষিত এ টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের আটটি বিভাগ নিয়ে আয়োজিত প্রথম শ্রেণির এ ঐতিহ্যবাহী টুর্নামেন্টটি চলবে প্রায় দু মাস ধরে। আগামি ১৭ নভেম্বর শেষ রাউন্ডের খেলার মধ্য দিয়ে পর্দা নামবে এবারের জাতীয় লিগের।

উদ্বোধনী রাউন্ডেই হোম অব ক্রিকেট মিরপুরে বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের মুখোমুখি হবে ঢাকা বিভাগ। বাকি তিন ভেন্যুর লড়াইয়ে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিক খুলনার মুখোমুখি হবে বরিশাল,সিলেটে লড়বে সিলেট ও ময়মনসিংহ এবং চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে মুখোমুখি হবে চট্টগ্রাম ও রাজশাহী।

লিগ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে,অর্থাৎ চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে নামার আগে সব দলই ৭টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। সব ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকা দলটির হাতেই উঠবে কাঙ্ক্ষিত এনসিএল ট্রফি।

এবারের আসরে কেবল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে ৪টি ম্যাচ। এ ছাড়া খেলা আয়োজনের জন্য প্রস্তুত করা হয়েছে চট্টগ্রাম, সিলেট, খুলনা ও রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম।

এছাড়া তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের পরখ করে নিতে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ড এবং কক্সবাজারের একাডেমি মাঠকেও যুক্ত করা হয়েছে ভেন্যুর তালিকায়।

১৬ সেপ্টেম্বর ২০২৬
এ জি

Explore More Districts