যশোরে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

যশোরে জেলা পর্যায়ে দুই দিনব্যাপী ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ শেষ হয়েছে। প্রতিযোগিতা শেষে মঙ্গলবার বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ এবং অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম।

যশোর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারা পারভীন, সরকারি স্কুল শিক্ষক অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম খান, জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীরসহ সংশ্লিষ্টরা।

জেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় বালক ও বালিকাদের সাঁতার, হ্যান্ডবল, দাবা, কাবাডিসহ মোট আটটি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

হ্যান্ডবল বালক বিভাগে যশোর জিলা স্কুল চ্যাম্পিয়ন এবং চৌগাছার জে এইচ ডি মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হয়েছে। হ্যান্ডবল বালিকা বিভাগে কেশবপুরের গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং সদরের কুয়াদা মাধ্যমিক বালিকা বিদ্যালয় রানার্সআপ হয়।

কাবাডি বালক বিভাগে ঝিকরগাছার অমৃতবাজার মাধ্যমিক বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং যশোর আদর্শ বালিকা বিদ্যালয় রানার্সআপ হয়েছে।

দাবা প্রতিযোগিতার বড় বালক বিভাগে মণিরামপুরের নেহালপুর স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন এবং সদরের সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হয়েছে। মধ্যম বালক বিভাগে পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং চৌগাছা সরকারি শাহাদত পাইলট মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হয়েছে।

বড় বালিকা বিভাগে বাঘারপাড়ার গাইদঘাট মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং মণিরামপুর আদর্শ সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হয়েছে। আর মধ্যম বালিকা বিভাগে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন এবং চৌগাছার ছারা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় রানার্সআপ হয়েছে।

Explore More Districts