যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৭ সদস্যসহ বিভিন্ন মামলার মোট ১৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য ও ককটেল সদৃশ বস্তুসহ বিভিন্ন আলামত উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) জেলার নয়টি থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।
পুলিশের দেওয়া তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন—যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের মোল্যাপাড়ার আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক হায়দার আলী, শহরের বেজপাড়ার আওয়ামী লীগ কর্মী আরজু মল্লিক বিপুল, আরবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ফতেপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি রমজান আলী কালু, কচুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা, উপশহর ৭ নম্বর সেক্টরের আওয়ামী লীগ কর্মী শামিম মেহেদী, শহরের শংকরপুর ছোটনের মোড় এলাকার আওয়ামী লীগ কর্মী নজরুল ইসলাম, শেখহাটি এলাকার আওয়ামী লীগ কর্মী মোমেল হোসেন এবং মণিরামপুর উপজেলার হাজরাকাঠি গ্রামের নারায়ণ হালদার, হানুয়া গ্রামের শফিকুল ইসলাম ও হাসানুজ্জামান।
জেলা পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য ছাড়াও মাদক, চুরি, বিস্ফোরক ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধে জড়িত এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন। অভিযানে মাদকদ্রব্য ও ককটেল সদৃশ বস্তুসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

