পিরোজপুরে চলন্ত ফেরি থেকে পড়ে কচা নদীতে ট্রলার মাঝি নিখোঁজ

১৪ September ২০২৬ Monday ২:২৮:১০ PM

Print this E-mail this


ভান্ডারিয়া ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় চলন্ত ফেরি থেকে কচা নদীতে পড়ে বাবুল (৩৫) নামের এক ট্রলার মাঝি নিখোঁজ হয়েছেন।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চরখালী ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাবুল ওরফে বাবুল মাঝি বাগেরহাট জেলার রামপাল উপজেলার মল্লিকেরবেড় গ্রামের মো. হারুন মোল্লার ছেলে। তিনি পেশায় বঙ্গোপসাগরে মাছ ধরার ফিশিং ট্রলারের মাঝি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, কচা নদীর টগরা ঘাট থেকে ছেড়ে আসা ফেরিটি চরখালী ঘাটে পৌঁছানোর আনুমানিক ৫০ থেকে ১০০ ফুট আগে বাবুল মাঝি নদীতে পড়ে যান। এসময় তিনি ফেরির সামনের দিকে রেলিংয়ের ওপর বসেছিলেন।হঠাৎ করে অসাবধানতাবশত নদীতে পড়ে যাওয়ার পর মুহূর্তের মধ্যেই কচা নদীর তীব্র স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন তিনি।

ঘটনার খবর পেয়ে ভাণ্ডারিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করে। তবে নদীতে প্রবল স্রোত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

ভাণ্ডারিয়া ফায়ার স্টেশনের অফিসার আব্দুস সোবহান জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে।নদীতে প্রবল স্রোতের কারণে প্রাথমিকভাবে উদ্ধারকাজ ব্যাহত হয়।  সোমবার বরিশাল থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান পরিচালনা করবে।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ বাবুল মাঝির কোনো সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts