যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও দেড় কেজি গাঁজাসহ ছয়জনকে আটক করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ও রোববার (১৩ সেপ্টেম্বর) জেলার শার্শা, সদর ও চৌগাছা উপজেলায় এসব অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ১১ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ৫ মিনিটে শার্শার নাভারন মোড় এলাকায় অভিযান চালিয়ে শাহিন হোসেন ওরফে শাহিন আলম (২৫), আব্দুল্লাহ আল হুসাইন (২৬) ও সবুজ সুলতান (২৫)কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস করে মোট ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক শাহিন শার্শা উপজেলার বেরি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। অপর দুইজন আব্দুল্লাহ আল হুসাইন ও সবুজ সুলতান ঝিকরগাছা উপজেলার মির্জাপুর এলাকার বাসিন্দা।
একই দিন রাত পৌনে ১১টার দিকে সদর উপজেলার তরফ নওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে আজিজুল ইসলাম (৩৮) নামে আরও একজনকে আটক করা হয়। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আজিজুল ওই গ্রামের মোশারেফ আলী মোড়লের ছেলে।
এদিকে, একই রাতে চৌগাছা উপজেলার আড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে সোহাগ ইসলাম তোতা (২৭) নামে একজনকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করে ডিবি পুলিশ। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সাতগাছিয়া পূর্বপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
অপরদিকে, ১৩ সেপ্টেম্বর রাত ৯টার দিকে চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে নাজির উদ্দিন (৬৫) নামে একজনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। নাজির উদ্দিন রামকৃষ্ণপুর গ্রামের মৃত ইয়াসিন মণ্ডলের ছেলে।
ডিবি পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া নাজির উদ্দিনকে ১৩ সেপ্টেম্বর আদালতে পাঠানো হয়েছে।

