যশোরে ভাড়া বাসার দরজা ভেঙে মিলল মরদেহ

যশোর শহরতলীর মুড়ুলি মায়া পেট্রোল পাম্পের পাশে কাজিপুর রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে শেখ আকবর আলী (৫৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাতে নিজ কক্ষে প্রবেশের পর রোববার সকালে দীর্ঘ সময় দরজা বন্ধ থাকায় বাড়ির মালিকের সন্দেহ হয়। পরে তিনি ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময় আকবর আলীকে মৃত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

নিহত শেখ আকবর আলী আলেক মণ্ডলের তিনতলা বাড়ির দ্বিতীয় তলার একটি ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন। পারিবারিক জটিলতার কারণে তিনি স্বজনদের কাছ থেকে অনেকটা বিচ্ছিন্ন ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় ও স্বজনদের সূত্র জানায়, আকবর আলী দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। স্বজনদের ধারণা, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর শেখ আকবর আলীর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Explore More Districts