নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, ডিলারকে জরিমানা – দৈনিক আজকের জামালপুর







স্টাফ রিপোর্টার
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে বিএডিসির এক ডিলারকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দুপুরে উপজেলার আদারভিটা ইউনিয়নের বাজিতেরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের বাজিতেরপাড় এলাকায় অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে বিএডিসির ডিলার এস এন ট্রেডার্সে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে টিএসপি সার বিক্রির প্রমাণ পাওয়া যায়। এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বিএডিসির তালিকাভুক্ত সার ডিলার এস এন টেডার্সের সত্ত্বাধিকারী মনতাজুর আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৮ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে। অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, আদারভিটা ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিলিটারি উপস্থিত ছিলেন। মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অপরাধে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কৃষকদের ভোগান্তি নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Explore More Districts