তল্লাশিচৌকিতে না থেমে মোটরসাইকেল দিয়ে এসআইকে ধাক্কা, আরোহীদের খুঁজছে পুলিশ

রাজশাহীতে পুলিশের তল্লাশিচৌকিতে থামার সংকেত অমান্য করে মোটরসাইকেল দিয়ে এক উপপরিদর্শককে (এসআই) ধাক্কা দিয়ে পালিয়েছেন দুই আরোহী। এতে এসআই কিবরিয়া আহমেদ গুরুতর আহত হন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার বিকেল সোয়া পাঁচটার দিকে রাজশাহী মহানগরের মতিহার থানার চৌদ্দপাই বিহাস মোড়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর দুই মোটরসাইকেল আরোহীকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যে মহানগর পুলিশের ফেসবুক পেজে অভিযুক্ত দুজনের ছবি প্রকাশ করে শনাক্ত করতে সহযোগিতা চাওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মতিহার থানায় একটি মামলা করা হয়েছে।

Explore More Districts