চাঁদপুরে ইলিশের দাম কমেছে কেজিতে ২শ টাকা

চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে এক সপ্তাহের ব্যবধানে ইলিশের দাম কেজিতে প্রায় ২০০ টাকা কমেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ছুটির দিনে সকাল থেকেই মাছঘাটে ক্রেতাদের ভিড় ছিল লক্ষণীয়। দাম কিছুটা কমায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে।

তবে ইলিশের ভরা মৌসুম চললেও চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশের সরবরাহ এখনো আশানুরূপ বাড়েনি। কমসংখ্যক ইলিশ নিয়ে আড়তে চলছে হাঁকডাক করে বেচাকেনা। ফলে বাজারে ইলিশের চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম এখনো সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে।

শুক্রবার বড়স্টেশন মাছঘাটের আড়তগুলোতে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকায়। এক সপ্তাহ আগে একই আকারের ইলিশের দাম ছিল কেজিতে প্রায় ২০০ টাকা বেশি।

ঢাকা থেকে আসা ক্রেতা ইদ্রিস মিয়াজী জানান, বন্ধুদের নিয়ে তিন নদীর মোহনায় ঘুরতে এসেছি। মাছঘাট কাছে হওয়ায় ইলিশ কিনার ইচ্ছে জেগেছে। আগের তুলনায় কিছুটা দাম কমেছে, আরো কমার দরকার। আমার মতে ইলিশের কেজি সর্বোচ্চ ২ হাজার হওয়া উচিত। তাহলে অনেকেই ইলিশ কিনতে পারবে।

ব্যবসায়ী কামাল হোসেন জানান, নদীতে ইলিশের পরিমাণ বাড়লে বাজারে সরবরাহও বাড়বে। তখন ইলিশের দাম আরও কমে আসতে পারে। বর্তমানে যে পরিমাণ ইলিশ ঘাটে আসছে, তা চাহিদার তুলনায় কম হওয়ায় দাম পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

প্রতিবেদক: শরীফুল ইসলাম,
৪ সেপ্টেম্বর ২০২৬

Explore More Districts