মাদারীপুরে পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত অন্তত ৬ – DesheBideshe



বিস্ফোরণ

মাদারীপুর, ৪ সেপ্টেম্বর – মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইতালি প্রবাসী রাজ্জাক মোল্লার পরিত্যক্ত বাড়িতে গোপনে বোমা তৈরির কাজ চলছিল।

বোমা তৈরির একপর্যায়ে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে বাড়ির টিনের চালের একাংশ উড়ে যায়। এতে সেখানে অবস্থানরত অন্তত ছয়জন ব্যক্তি আহত হন। আহতদের মধ্যে সিদ্দিক, আহাদ গাজী, নয়ন গাজী ও রাব্বী আকন নামে চারজনের পরিচয় পাওয়া গেছে। বাকি দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বিস্ফোরণের পরপরই আহত ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন বলে স্থানীয়রা দাবি করেছেন। ফলে তাদের চিকিৎসার বিষয়ে সঠিক তথ্য পাওয়া সম্ভব হয়নি। ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করে। আটক ব্যক্তি ওই এলাকার মফিজ গাজীর ছেলে বলে জানা গেছে।

এদিকে এই ঘটনার পর এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, প্রতিপক্ষের সঙ্গে চলমান বিরোধকে কেন্দ্র করে বড় ধরনের সহিংসতা ঘটানোর উদ্দেশ্যে বাইরে থেকে কারিগর এনে এই বিস্ফোরক তৈরি করা হচ্ছিল। অভিযুক্ত রাজ্জাক মোল্লা পলাতক থাকায় এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এস এম/ ৪ সেপ্টেম্বর ২০২৬

Explore More Districts