খাদেমুল ইসলাম
জামালপুরের দেওয়ানগঞ্জে পুকুর থেকে ৮৮ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদের বোতল উদ্ধার করেছে পুলিশ। আব্দুল মালেক নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ তোফাজ্জল হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ডাংধরা পাথরের চর চেংটিমারী এলাকায় এক অভিযানে একটি দোকানের পেছনে পুকুরের কচুরিপানার নিচে লুকিয়ে রাখা ব্ল্যাক হোয়াইট, হুইস্কি ও ভটকা সহ ৮৮ বোতল নিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত আঃ মালেক (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গ্রেফতার আব্দুল মালেক স্থানীয় মোঃ শফি উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, ৪টি বস্তায় ৪ ধরনের ৮ কার্টুন ভরা ৮৮টি মদের বোতল অভিযানে উদ্ধার করা হয়। এব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন নয়াদিগন্তকে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গোপনের সংবাদের ভিত্তিতে এক অভিযান চালিয়ে পাথরের চর চেংটিমারী এলাকায় এক পুকুরের কচুরিপানার তলা থেকে ৮৮ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে এবং আব্দুল মালেক নামে এক ব্যক্তিকে আটক করে থানায় এনে মামলা দায়েরের পর গতকাল বুধবার ২ সেপ্টেম্বর জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
