যশোর শহরের দড়াটানা মোড় এলাকায় অভিযান চালিয়ে বার্মিজ চাকুসহ আশিকুর রহমান ওরফে অনি (৩৪) নামে এক যুবককে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। পরে তার বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।
আটক আশিকুর রহমান ওরফে অনি শহরের চিরুনীকলা মোড় বেজপাড়া এলাকার দিলরুবা পারভীনের বিল্ডিংয়ের নিচতলার বাসিন্দা। তিনি মৃত মশিউর রহমানের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে যশোর আঃ রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের গেটের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে অনিকে আটক করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে তার কাছে চাকু থাকার কথা স্বীকার করলে উপস্থিত সাক্ষীদের সামনে তার হেফাজত থেকে হলুদ ও কালো রঙের একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
এ ঘটনায় আশিকুর রহমান ওরফে অনির বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪ ধারায় মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

